"সনাতন শাস্ত্র ও রাজা দশরথ"
- রাজা দশরথের বহুবিবাহের প্রেক্ষাপট ও কারণসমূহ।
🔆 সহস্র বছর আগের এক ধূসর গোধূলি। সরযূ নদীর তীরে অযোধ্যার রাজপ্রাসাদে তখন এক স্তব্ধতা বিরাজ করছে। ইক্ষ্বাকু বংশের সূর্যতুল্য সম্রাট, যার রথ দশ দিকে অপরাজেয় - সেই অযোধ্যার রাজর্ষি মহারাজা দশরথ আজ এক গভীর বিষাদে মগ্ন। শাস্ত্র যেখানে একপত্নী ব্রতকে ত্যাগের সর্বোচ্চ শিখর বলে ঘোষণা করে [মমেদসত্ত্বং কেবলো নান্যাসং কীৰ্তয়াশ্চন৷৷ -অথর্ববেদ ৭/৩৮/৪ অর্থাৎ,স্বামীর উচিত শুধু একমাত্র একজন স্ত্রীর প্রতি অনুরক্ত থাকা। দ্বিতীয় কোন নারীর প্রতি অনুরাগ তো দুরে থাক, অন্যকোন নারী সম্বন্ধে তার আলোচনাও করা উচিত নয়।] সেখানে কেন এই মহান রাজর্ষিকে বারবার বিবাহের পিঁড়িতে বসতে হলো ⁉️ তা কি শুধুমাত্র এক রাজার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, নাকি এর নেপথ্যে লুকিয়ে ছিল কোনো এক অলিখিত রাজধর্ম ও রাজনৈতিক উদ্দেশ্য ⁉️
👑 রাজার জীবন কখনো সাধারণ মানুষের মতো সহজ বা রৈখিক হয় না। শাস্ত্র যেখানে ত্যাগের মহিমা কীর্তন করে, রাজধর্ম সেখানে অনেক সময় কঠোর কর্তব্যের দাবি রাখে। অযোধ্যার মহারাজা দশরথ ছিলেন তেমনই এক অপরাজেয় সম্রাট, যার রথ দশ দিকে বিচরণ করত। কিন্তু আধুনিক যুগের নৈতিকতার দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন তোলেন, যে শাস্ত্র 'একপত্নী ব্রত'কে উচ্চস্থান দেয়, সেখানে আদর্শ রাজা হয়েও দশরথের তিনজন পত্নী কেন গ্রহণ করলেন। রাজা যদি এরূপ কর্ম করে তবে প্রজার নিকট কি দৃষ্টান্ত পৌঁছাবে ⁉️
একজন শাসক বা রাজার কর্তব্যের ভিত্তি কতটুকু গভীর তা চাণক্যর অর্থশাস্ত্রের দিকে দৃষ্টিপাত করলে বোধগম্য হয়। যেখানে তিনি উল্লেখ করেন,
একজন রাজার মানদণ্ড সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। আচার্য চাণক্য তার 'অর্থশাস্ত্র'-এ রাজার গুণাগুণ ও কর্তব্য সম্পর্কে বলেছেন:
"প্রজাসুখে সুখং রাজ্ঞঃ প্রজানাং চ হিতে হিতম্। নাত্মপ্রিয়ং হিতং রাজ্ঞঃ প্রজানাং তু প্রিয়ং হিতম্॥"
অর্থাৎ, প্রজাদের সুখেই রাজার সুখ, তাদের কল্যাণেই রাজার কল্যাণ। নিজের যা প্রিয় তা রাজার হিত নয়, বরং প্রজাদের যা প্রিয় ও হিতকর, তাই রাজার প্রকৃত কর্তব্য।
এই কর্তব্য পালনে রাজাকে কখনো করতে হয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার, কখনো বেছে নিতে হয় কঠোর সিদ্ধান্ত। রাজা দশরথের তিনটি বিবাহের সিদ্ধান্ত ছিল ঠিক তেমনই এক 'আপাতধর্ম'—যা সাধারণ পরিস্থিতিতে নিষিদ্ধ হলেও বিশেষ সংকটে বা রাষ্ট্রীয় প্রয়োজনে অনিবার্য হয়ে পড়েছিল। কিন্তু এই সিদ্ধান্তকে বোঝার পূর্বে আমাদের তৎকালীন সময়ের রাজনীতি, সন্ধি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্পর্কে ধারণা রাখতে হবে।
🤝"ম্যাট্রিমোনিয়াল ডিপ্লোম্যাসি" - সাম্রাজ্যের নিরাপত্তা ও সন্ধির এক অনবদ্য সোপান:
তৎকালীন সময় থেকে মধ্যযুগ পর্যন্ত "Matrimonial Diplomacy" ছিল রাজ্যের প্রভাব বিস্তার ও সন্ধিস্থাপন এবং শত্রুতার সমাপ্তি এক অভিনব উপায়। আর্যাবর্তের ইতিহাসের দিকে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে বিবিধ দৃষ্টান্ত দেখতে পাবো। উদাহরণস্বরূপ, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ও গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরের কন্যা হেলেনার বিবাহ "Matrimonial Diplomacy"-র এক উৎকৃষ্ট ও কালজয়ী উদাহরণ। এই একটিমাত্র বৈবাহিক মৈত্রী উত্তর-পশ্চিম সীমান্তে গ্রিক ও ভারতীয়দের মধ্যে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং মৌর্য সাম্রাজ্যের সীমানাকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত সুসংহত করেছিল। এই বিবাহ চাণক্যের দূরদর্শী চিন্তার জন্যে সম্ভব হয়েছিল এবং যার উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ নয় বরং রাজ্য ও প্রজার নিরাপত্তা নিশ্চিত ছিল অধিক গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য) যখন নাগ রাজবংশের কন্যা কুবেরনাগাকে বিবাহ করেন, তখন সেই মৈত্রীর জোরেই তিনি শক সাম্রাজ্যকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছিলেন। এই ঐতিহাসিক ধারাবাহিকতার আলোকেই আমরা উপলব্ধি করতে পারি, রাজা দশরথের তিনটি বিবাহকে বিচার করা ছিল আর্যাবর্তের সেই প্রাচীন কূটনৈতিক কৌশল।
কোশল, কেকয় এবং মগধ—এই তিন শক্তির সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দশরথ অখণ্ড আর্যাবর্তে এক দুর্ভেদ্য রাজনৈতিক বলয় তৈরি করেছিলেন। রাজধর্মের এই বিশেষ কৌশলে অনেক সময় শাস্ত্রীয় একপত্নী আদর্শের চেয়ে 'রাষ্ট্রীয় স্থিতিশীলতা' বড় হয়ে দেখা দিত। বৌধায়ন ধর্মসূত্রে এই সিদ্ধান্তসমূহকে রাজার এই সিদ্ধান্তগুলো ছিল পরিস্থিতি-সাপেক্ষ এবং বিশেষ অধিকারের অন্তর্ভুক্ত।
🪔 "বংশরক্ষা ও সিংহাসনের স্থায়িত্ব" - একটি অলিখিত রাজকীয় বিধান:
প্রাচীন আর্যাবর্তের সমাজ ও রাষ্ট্রচিন্তায় 'বংশরক্ষা' কেবল ব্যক্তিগত বিষয় ছিল না, বরং তা ছিল একটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। ইক্ষ্বাকু বংশের মতো প্রভাবশালী রাজবংশের কোনো উত্তরাধিকারী না থাকা মানে ছিল অযোধ্যার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। এই সংকট উত্তরণে শাস্ত্র ও সমাজ রাজাকে কিছু বিশেষ অধিকার বা 'ব্যতিক্রমী পথ' অনুসরণের অনুমতি ছিল। বহুবিবাহ কিংবা নিয়োগ প্রথাসহ বিবিধ সিদ্ধান্ত শাসককে গ্রহণ করতে হতো। কারণ, উত্তরাধিকারীহীন সিংহাসন সবসময়ই বহিঃশত্রুর জন্য একটি সহজ লক্ষ্যবস্তু। রাজা দশরথ জানতেন, তাঁর অনুপস্থিতিতে অযোধ্যা যদি অরাজকতার কবলে পড়ে, তবে তার দায়ভার ইতিহাস তাঁকেই দেবে। তাই রাজনৈতিক মৈত্রী এবং বংশরক্ষা এই দুই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে রাজা দশরথকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
🌊"রাজার কর্তব্য ও সাধারণের নৈতিকতা" - কেন এটি সার্বজনীন নয় ⁉️
প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাজার অবস্থান ছিল সাধারণ গৃহস্থের ঊর্ধ্বে। শাস্ত্র যেখানে ব্যক্তিগত মুক্তি ও শৌচাচারে জোর দেয়, রাজধর্ম সেখানে সমষ্টিগত সুরক্ষা ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষাকে প্রাধান্য দেয়। রাজার এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে গিয়ে মহর্ষি বৌধায়ন স্পষ্ট করেছেন যে, বিশিষ্ট ব্যক্তি বা রাজন্যবর্গ অনেক সময় এমন কিছু আচরণ করেন যা শাস্ত্রীয় নিয়মের পরিপন্থী মনে হতে পারে। কিন্তু তাঁদের সেই বিশেষ কাজগুলো সাধারণ মানুষের জন্য 'সার্বজনীন' নয়। অর্থাৎ, মহাপুরুষ বা রাজারা বিশেষ পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষ তা অনুকরণ করতে পারবে না। - বৌধায়ন ধর্মসূত্র, [১.১.২.৭ - ১.১.২.৮] আচার্য চাণক্যও তাঁর 'অর্থশাস্ত্র'-এ রাজাকে একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং 'রাষ্ট্রের যন্ত্র' হিসেবে দেখেছেন। চাণক্যের মতে, রাজার কোনো ব্যক্তিগত জীবন নেই। তাঁর প্রতিটি শ্বাস হওয়া উচিত প্রজাকল্যাণে।
সেজন্য, শাস্ত্র আমাদের শেখায় কীভাবে আদর্শ মানুষ হতে হয়, আর রাজধর্ম শেখায় কীভাবে একটি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয়। মহর্ষি বৌধায়ন এবং চাণক্য উভয়ই একমত ছিলেন যে, রাজার কাঁধে থাকা মুকুটের ওজন তাকে অনেক সময় এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সাধারণের নৈতিকতার মাপে বিচার করা অসম্ভব। রাজা দশরথের ৩ জন স্ত্রী থাকা কোনো বিচ্যুতি ছিল না, বরং তা ছিল একটি রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার 'নিঃসংকোচ রাজনৈতিক সিদ্ধান্ত'। রাজার এই কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো সম্ভব, উদাহরণস্বরূপ আর্যাবর্তের দীর্ঘ সময়ের আদর্শ দিনের বেলায় যুদ্ধ এবং সূর্যাস্তের সাথে সাথে যুদ্ধের সমাপ্তি এবং নিরস্ত্র যোদ্ধাকে আঘাত না করা। কিন্তু রাজ্যের শত্রু সর্বদা রাত্রিতে আক্রমণ করে এবং নিরস্ত্র হয়ে গেলে সে ক্ষমা প্রার্থনা করে কিন্তু সুযোগ পেলে পিছন দিক থেকে ছুরি দ্বারা আঘাত করে। এরূপ পরিস্থিতিতে শাসকের কি করণীয়? তিনি কি সেই ঐতিহ্যকে ধরে রাখবেন নাকি এই শত্রুর বিনাশ সাধন করবেন যে নীতিকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে প্রজার অকল্যাণ সাধন করার চেষ্টা করছে।
⌛ পরিশেষে বলা যায়, সনাতন সংস্কৃতিতে 'আদর্শ' এবং 'বাস্তবতা' এই দুইয়ের মধ্যে এক সূক্ষ্ম অথচ গভীর পার্থক্য বিদ্যমান। আমাদের নিকট শাস্ত্রীয় বিধানই সর্বোচ্চ এবং সেই শাস্ত্রের পূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্রের জীবনে। তিনি তাঁর 'একপত্নী ব্রত' এবং ত্যাগের মাধ্যমে নিজেকে 'মর্যাদা পুরুষোত্তম' হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক এই কারণেই আমরা শ্রীরামকে আদর্শের চরম শিখর হিসেবে বন্দনা করি, রাজা দশরথকে নয়।
তবে অনস্বীকার্য যে, একজন রাজা হিসেবে দশরথের সিদ্ধান্তগুলো ব্যক্তিগত বিলাসিতা বা শাস্ত্রীয় অবজ্ঞা ছিল না, বরং তা ছিল এক 'কঠিন রাজনৈতিক বাস্তবতা'। চাণক্যের অর্থশাস্ত্র এবং বৌধায়ন ধর্মসূত্রের আলোকে বিচার করলে দেখা যায়, দশরথ সেই শাসকের ভূমিকা পালন করেছিলেন যাকে অখণ্ডতা রক্ষার স্বার্থে নিজের ব্যক্তিগত সবকিছু বিসর্জন দিতে হয়েছিল।
- Run With Veda 🪷👑
0 মন্তব্যসমূহ