"শাস্ত্রার্থ" — প্রাচীন আর্যাবর্তের মুক্তচিন্তা ও প্রজ্ঞার এক অনন্য ঐতিহ্য​

 

"শাস্ত্রার্থ" — প্রাচীন আর্যাবর্তের মুক্তচিন্তা ও প্রজ্ঞার এক অনন্য ঐতিহ্য​


🪷 ধূপের সুগন্ধি আর বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত এক রাজসভা। সিংহাসনে উপবিষ্ট স্বয়ং রাজাধিরাজ এবং তাঁর সম্মুখে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুই শাস্ত্র মহারথী। সভামধ্যে পিনপতন নীরবতা, কারণ আজ কোনো তরবারির যুদ্ধ নয় বরং মুখোমুখি দাঁড়িয়েছে মানুষের মেধা, যুক্তি আর প্রজ্ঞা। তবে এই সভার সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি তলোয়ারের চেয়েও ধারালো যেখানে পরম সত্য নির্ধারণের এই মহাযুদ্ধে একপক্ষের সেনাপতি একজন পুরুষ, আর তাঁর প্রতিপক্ষ এক তীক্ষ্ণধী বিদুষী নারী!​ 


বর্তমান আধুনিক পৃথিবীতে লিঙ্গহীন প্রজ্ঞার এই রূপ হয়তো চেনা ঠেকে, কিন্তু ইতিহাসের খেরোখাতা উল্টালে গা শিউরে ওঠে। মধ্যযুগ কিংবা তার পরবর্তী সময়েও পৃথিবীর বড় বড় সভ্যতায় নারীর মুখে জ্ঞানের কথা তো দূর, তাঁর স্বাধীন অস্তিত্বের ধারণাটুকুও যেখানে ছিল কল্পনাতীত, সেখানে এই দৃশ্য এক পরম বিস্ময়। শুধু লিঙ্গবৈষম্যই নয়, ধর্মের মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা, তর্ক করা কিংবা সংশয় প্রকাশ করা তো শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সভ্যতায় গণ্য হয়েছে এক মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে। কেন!  আমাদের কি মনে পড়ে না বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির কথা? মহাবিশ্বের পরম সত্যকে যুক্তির আলোতে দেখতে চাওয়ার অপরাধে যাঁকে চার্চের কাঠগড়ায় দাঁড়িয়ে অন্ধ বিশ্বাসের কাছে মাথা নত করতে হয়েছিল, কাটাতে হয়েছিল গৃহবন্দি অভিশপ্ত জীবন? ব্রুনোকে পুড়তে হয়েছিল জীবন্ত আগুনে।


ধর্মের নামে ধর্মদ্রোহীতার তকমা দিয়ে সত্যের কণ্ঠরোধ করার এমন বর্বর দৃষ্টান্ত যেখানে বিশ্ব ইতিহাসের পাতায় পাতায় লেপ্টে আছে, ঠিক সেখানেই যেন এক আলোর দ্বীপ হয়ে জ্বলজ্বল করছে প্রাচীন আর্যাবর্ত।​ যখন গোটা পৃথিবী অন্ধ বিশ্বাসের চাদরে ঘুমিয়ে, তখন আজ থেকে হাজার বছর পূর্বে এই আর্যাবর্তের বৈদিক ঋষিরা সত্য নির্ণয়ের জন্য বেছে নিয়েছিলেন এক অভিনব এবং পরম প্রগতিশীল পথ 'শাস্ত্রার্থ'। যা শুধুই কোনো শুষ্ক ধর্মীয় বিতর্ক ছিল না, এটি ছিল মুক্তচিন্তা আর পরম পরমতসহিষ্ণুতার এক জীবন্ত উৎসব। যেখানে প্রতিপক্ষকে শত্রু ভাবা হতো না, বরং ভাবা হতো সত্য পথের সহযাত্রী। যেখানে যুক্তি খণ্ডন হলে ফতোয়া বা তরবারি আসত না, আসত পরম শ্রদ্ধা।​ 


আসুন, আজ আমরা ফিরে যাই সেই আর্যাবর্তের ধূলিমলিন ইতিহাসে, যেখানে যুক্তিই ছিল পরম ধর্ম এবং প্রজ্ঞার আলোয় লিঙ্গের সীমানা হয়েছিল অর্থহীন।


📜 'শাস্ত্রার্থ' - শব্দের নেপথ্যে নিগূঢ় তত্ত্বের সন্ধান:- 


​সনাতন ভাবধারার মূল আকর্ষণ নিহিত রয়েছে এর সত্য অন্বেষণের নির্ভীক ও দুঃসাহসিক মনোভাবের মধ্যে। এখানে কোনো তত্ত্ব বা বাণীকে শুধু ঐশ্বরিক বা প্রাচীন তকমা দিয়ে প্রশ্নাতীত ভাবে কোনো বাধ্যবাধকতা ছিল না। উপনিষদের সেই অমোঘ ঘোষণাম "সত্যমেব জয়তে নানৃতং" অর্থাৎ, সত্যেরই জয় হয়, মিথ্যার নয় শুধুই একটি শান্ত বাণী ছিল না, তা ছিল ঋষিদের জন্য এক প্রদীপ্ত অগ্নিপরীক্ষা। এই দর্শনে সত্য কোনো ভঙ্গুর বা স্পর্শকাতর বস্তু নয় যে তাকে প্রশ্ন করলে তা ভেঙে যাবে বরং সত্য হলো সেই সুবর্ণ, যাকে যত বেশি তর্কের আগুনে পোড়ানো হবে, তার উজ্জ্বলতা তত বাড়বে। আর্যাবর্তের ঋষিরা জানতেন, যে বিশ্বাস প্রশ্ন করতে ভয় পায়, তা আসলে বিশ্বাস নয় তা অন্ধত্ব। সেজন্য, এই নির্ভীক মানসিকতাই আর্যাবর্তের মাটিতে জন্ম দিয়েছিল মুক্তবুদ্ধির এক আশ্চর্য স্বাধীনতা। 


​'শাস্ত্রার্থ' (শাস্ত্র + অর্থ) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে এর ভেতরের মূল চেতনাটি আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রাচীন আর্যাবর্তে 'শাস্ত্র' মানে কেবল কিছু অপরিবর্তনীয় অনুশাসন ছিল না। যা মানুষের ভেতরের অজ্ঞানতা ও অন্ধকারকে শাসন করে পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়, তা-ই শাস্ত্র এবং 'অর্থ' হলো তার নিগূঢ়তম তাৎপর্য। অর্থাৎ, শাস্ত্রার্থ হলো শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই পরম সত্যকে উন্মোচন করার এক বুদ্ধিবৃত্তিক সংগ্রাম। যখন দুই বা ততোধিক পণ্ডিত কোনো তত্ত্বের শেষ সীমায় পৌঁছানোর জন্য পারস্পরিক যুক্তির জাল বুনতেন, তখন সেই পরম জ্ঞানযজ্ঞই শাস্ত্রার্থ নামে অভিহিত হতো।


⚖️ প্রজ্ঞার রণক্ষেত্র:


​প্রাচীন আর্যাবর্তের এই বিচারসভাগুলো ছিল পরম রোমাঞ্চকর। সেখানে শারীরিক শক্তির কোনো স্থান ছিল না, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে দর্শন হতো মেধা ও প্রজ্ঞার এক অভূতপূর্ব দ্বন্দ্ব। শাস্ত্রার্থের একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত কঠোর পদ্ধতি ছিল। এই দ্বৈরথে দুটি পক্ষ থাকত 'পূর্বপক্ষ' (যিনি নিজের একটি তত্ত্ব বা সিদ্ধান্ত উপস্থাপন করছেন) এবং 'উত্তরপক্ষ' (যিনি সেই মতের ত্রুটি বা সীমাবদ্ধতা খুঁজে বের করে নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবেন)।


​তবে সবচেয়ে বিস্ময়কর নিয়মটি ছিল, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করার পূর্বে, প্রতিপক্ষ ঠিক কী বলতে চেয়েছেন এবং তাঁর দর্শনের শক্তি কোথায়, তা অবিকল নিজের মুখে ব্যাখ্যা করে প্রমাণ করতে হতো। অর্থাৎ, প্রতিপক্ষের নিজের অস্ত্র ও যুক্তি দিয়েই তাঁকে পরাস্ত করার এই নিয়মটি ছিল পরম পাণ্ডিত্যের নিদর্শন। সমগ্র সভাটি পরিচালিত হতো একজন পরম জ্ঞানী ও নিরপেক্ষ 'মধ্যস্থ' বা বিচারকের অধীনে। এই যুদ্ধে পরাজয়ের অর্থ কোনো গ্লানি ছিল না, বরং পরাজয়ের অর্থ ছিল এক উচ্চতর সত্যের কাছে মস্তক অবনত করা।


​বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে সামান্য ভিন্নমত দেখলেই সমাজচ্যুত করা বা ফতোয়া দেওয়ার হিড়িক পড়ে, সেখানে প্রাচীন আর্যাবর্তে মতভেদকে মনে করা হতো নতুন চেতনার জন্মলগ্ন। চার্বাকদের মতো ঘোর নাস্তিকেরা যখন ভরা সভায় দাঁড়িয়ে ঈশ্বরের অস্তিত্বকে অবলীলায় অস্বীকার করে বলতেন, "ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ" (যতদিন বাঁচো ধার করে হলেও ঘি খাও, মৃত্যুর পর কিছুই অবশিষ্ট থাকে না) তখন বৈদিক ঋষিরা অস্ত্র হাতে তাদের দিকে ছুটে যেতেন না। ​বরং পরম ঔৎসুক্য নিয়ে চার্বাকদের ‘পূর্বপক্ষ’ হিসেবে বসিয়ে নিজেদের ‘উত্তরপক্ষ’ তৈরি করতেন। এই যে একে অপরের মতকে যুক্তির আঘাতে খণ্ডন করে সত্যকে নিঙড়ে বের করার তাড়না, এখান থেকেই জন্ম নিয়েছে ভারতীয় দর্শনের ছয়টি প্রধান ধারা বা ষড়দর্শন (ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত)। প্রতিটি দর্শনই আসলে পূর্ববর্তী কোনো না কোনো মতের সাথে তীব্র বুদ্ধিবৃত্তিক সংগ্রামের ফসল।


🌊 "ব্রহ্মবাদিনী গার্গী" - পুরুষতান্ত্রিক দর্পের মুখে এক চপেটাঘাত:


​লিঙ্গ সমতার এর চেয়েও প্রাচীন এবং তীব্র এক দৃশ্যপট দেখা যায় মিথিলার রাজা জনকের রাজসভায়। ঋষি যাজ্ঞবল্ক্য যখন রাজসভার সমস্ত পণ্ডিতকে পরাস্ত করে পুরস্কার হিসেবে ১০০০টি স্বর্ণখচিত গাভী নিয়ে নিজের আশ্রমের দিকে রওনা দিলেন, তখন সমগ্র সভাগৃহ অপমানে ও স্তব্ধতায় থমথমে। কোনো পুরুষ পণ্ডিতের সাহস উঠছিল না যাজ্ঞবল্ক্যের হিমালয়প্রতিম জ্ঞানকে প্রতিরোধ করার।


​ঠিক তখনই, রাজসভার এক কোণ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে উঠে দাঁড়ালেন এক নারী "গার্গী বাচক্নবী"। তিনি অন্য পণ্ডিতদের উদ্দেশে বললেন, "আপনারা অনুমতি দিলে আমি এই ঋষিকে দুটি প্রশ্ন করতে চাই।" ​মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব আর পরম ব্রহ্ম নিয়ে গার্গীর একের পর এক বাণের মতো তীক্ষ্ণ প্রশ্নে কোণঠাসা হয়ে পড়লেন মহাপণ্ডিত যাজ্ঞবল্ক্য। একপর্যায়ে গার্গীর প্রশ্নের ধার এতটাই তীব্র ছিল যে, ঋষি যাজ্ঞবল্ক্য পর্যুদস্ত হয়ে পড়েছিলেন। চিন্তা করুন, একজন নারীর প্রজ্ঞা কতটুকু গভীর হলে একজন পরম ঋষিকে স্তব্ধ করে দিতে পারেন। কিন্তু গার্গী দমে যাননি, তিনি যাজ্ঞবল্ক্যের জ্ঞানকে কষ্টিপাথরে যাচাই করে তবেই শান্ত হয়েছিলেন। শাস্ত্রার্থ শেষে, ঋষি যাজ্ঞবল্ক্য গার্গীর জ্ঞানের ভূয়সী প্রশংসা করেন। 


এই দৃশ্য প্রমাণ করে, প্রাচীন আর্যাবর্তের নারীরা কেবল গৃহকোণে বন্দি থাকা কোনো অবলা ছিলেন না, বরং রাজসভায় পুরুষতন্ত্রের শ্রেষ্ঠ মস্তিস্কগুলোকে কাঁপিয়ে দেওয়ার মতো অসামান্য প্রজ্ঞার অধিকারী ছিলেন।


🛡️আর্যাবর্তের যুগান্তকারী শাস্ত্রার্থ: 


​​আর্যাবর্তের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও রোমাঞ্চকর শাস্ত্রার্থটি ঘটেছিল অদ্বৈত বেদান্তের তরুণ সন্ন্যাসী আদিগুরু শঙ্করাচার্য এবং গৃহী মহাপণ্ডিত মণ্ডন মিশ্রের মধ্যে। এই বিতর্কের শর্তটি ছিল অত্যন্ত কঠিন এবং জীবনবদলকারী। শর্ত ছিল, প্রবীণ মণ্ডন মিশ্র যদি হেরে যান, তবে তিনি তাঁর সাধের সংসার, সমাজ ও গার্হস্থ্য ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে শঙ্করের অনুগামী হবেন। আর তরুণ শঙ্কর যদি হারেন, তবে তাঁর আজীবনের কঠোর ব্রহ্মচর্য ও সন্ন্যাস ধর্ম ভেঙে তিনি গৃহস্থ জীবন গ্রহণ করবেন। তবে এই শাস্ত্রার্থের বিচারক হিসেবেও উপস্থিত ছিলেন মণ্ডন মিশ্রের স্ত্রী, বিদুষী উভয় ভারতী। যা নারীর জ্ঞান ও প্রজ্ঞা স্পষ্ট উচ্চাসনে অধিষ্ঠিত হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে।


​টানা কয়েকদিন ধরে চলল সেই প্রজ্ঞার মহাযুদ্ধ। অবশেষে যুক্তির অকাট্য জালে মণ্ডন মিশ্র যখন পরাজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা! মণ্ডন মিশ্রের স্ত্রী, বিদুষী উভয় ভারতী (যিনি নিজে এই সভার বিচারক ছিলেন) আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, "হে শঙ্কর! আপনি আমার স্বামীকে কেবল অর্ধেক হারিয়েছেন, কারণ আমি তাঁর অর্ধাঙ্গিনী। আমাকে পরাজিত না করলে আপনার বিজয় সম্পূর্ণ হবে না।


অতঃপর উভয় ভারতী তরুণ কুমার সন্ন্যাসী শঙ্করকে গার্হস্থ্য ও দাম্পত্য জীবনের এমন কিছু সূক্ষ্ম প্রশ্ন ছুড়ে দিলেন, যা একজন আজন্ম ব্রহ্মচারীর পক্ষে জানা অসম্ভব ছিল! এক লহমায় স্তব্ধ হয়ে গেল রাজসভা। অপরাজেয় শঙ্কর থমকে গেলেন একজন নারীর প্রজ্ঞার সামনে। উত্তর খোঁজার জন্য শঙ্কর এক মাসের সময় চাইলেন এবং পরবর্তীতে সেই জ্ঞান অর্জন করে এসে উত্তর দিয়ে জয়লাভ করেন। প্রজ্ঞার লড়াইয়ে একজন নারীর এই বুদ্ধিবৃত্তিক আধিপত্য বিশ্ব ইতিহাসে বিরল।


🔆 ​প্রাচীনকালের এই যুগান্তকারী ধারা কিন্তু কেবল ইতিহাসেই থমকে থাকেনি। আর্যাবর্তের এই নির্ভীক যুক্তিবাদ ও শাস্ত্রার্থের ঐতিহ্য আধুনিক যুগে পুনরুজ্জীবিত করেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। ঊনবিংশ শতাব্দীতে যখন সমাজ নানাবিধ কুসংস্কার, অন্ধবিশ্বাস আর জড়তায় আচ্ছন্ন, তখন তিনি বৈদিক সংস্কৃতির সেই প্রাচীন মুক্তবুদ্ধির হাতিয়ারকে আবার তুলে নেন। ​এর সবচেয়ে বড় প্রমাণ ১৮৬৯ সালের ঐতিহাসিক 'কাশী শাস্ত্রার্থ'। কাশীর আনন্দ বাগে হাজার হাজার মানুষের সামনে একদিকে ছিলেন একা মহর্ষি দয়ানন্দ সরস্বতী, আর অন্যদিকে ছিলেন কাশীর তৎকালীন শীর্ষস্থানীয় প্রগাঢ় পণ্ডিত ও সনাতন ধর্মের ধ্বজাধারীরা। স্বামী দয়ানন্দ কোনো অলৌকিক ক্ষমতার জোরে নয়, বরং নিখুঁত ব্যাকরণ, বেদ ও উপনিষদের অকাট্য প্রমাণ দিয়ে প্রতিপক্ষের একের পর এক যুক্তি খণ্ডন করেছিলেন। সেদিন ক্ষমতার জোরে পণ্ডিতেরা নিজেদের বিজয়ী দাবি করলেও, সেই জনসমক্ষে দয়ানন্দের নির্ভীক শাস্ত্রার্থ প্রমাণ করে দিয়েছিল যে, সত্য প্রতিষ্ঠার জন্য আর্যাবর্তের ঋষিদের মতো একা দাঁড়িয়ে সমাজকে প্রশ্ন করার অসীম সাহস আধুনিক যুগেও ফুরিয়ে যায়নি।


আদিগুরু ​শঙ্করাচার্য থেকে শুরু করে মহর্ষি দয়ানন্দ শাস্ত্রার্থের এই নিরবচ্ছিন্ন ধারা প্রমাণ করে, এই ভূমি তরবারি দিয়ে নয়, চিরকাল প্রজ্ঞার ধার দিয়ে সত্যের পথ সন্ধান করেছে।


⌛ ইতিহাসের খেরোখাতা বন্ধ করে যখন আমরা বর্তমানের দিকে তাকাই, তখন এক অদ্ভুত এবং বেদনাদায়ক বৈপরীত্য আমাদের সামনে উন্মোচিত হয়। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞান আর প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও বিশ্বের বহু ধর্মীয় মতাদর্শে প্রশ্ন করা মানেই ‘ধর্মদ্রোহিতা’। সেখানে সামান্য সমালোচনা বা সন্দেহের অবকাশ নেই, প্রশ্ন তুললেই ধারালো অস্ত্রের মুখোমুখি হতে হয়, সমাজচ্যুত হতে হয় কিংবা ফতোয়ার অন্ধকার প্রকোষ্ঠে বন্দি হতে হয়। শুধু তা-ই নয়, বহু গোঁড়া সমাজে আজও নারীদের মৌলিক অধিকারটুকু কেড়ে নিয়ে কন্যাসন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে, কোথাও আবার তাদের স্বভাবগতভাবেই 'কম বুদ্ধিসম্পন্ন' বা পুরুষের চেয়ে হীন বলে বিবেচনা করা হচ্ছে। আজকের তথাকথিত আধুনিক সভ্যতার এই বুদ্ধিবৃত্তিক দাসত্ব ও জেন্ডার বৈষম্যের বিপরীতে আজ থেকে হাজারো বছর পূর্বে প্রাচীন আর্যাবর্তের মুক্তচিন্তা, সংশয়বাদ ও পরমতসহিষ্ণুতার যে চিত্র আমরা দেখি, তা সমসাময়িক বা পরবর্তীকালের যেকোনো সমাজ ব্যবস্থার জন্য চরম ঈর্ষণীয়।


​কারণ, আর্যাবর্তের পবিত্র ভূমিতে ধর্ম নিয়ে প্রশ্ন করা স্বাগত ছিল, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্ক স্বাগত ছিল, এমনকি তীব্রতম বিরোধিতা ও নাস্তিকতাও ছিল সমানভাবে আমন্ত্রিত। এখানে ভিন্নমতের জন্য কোনো হিংসা, নিষেধাজ্ঞা বা সংকীর্ণতা ছিল না, ছিল কেবলই পারস্পরিক শ্রদ্ধা আর যুক্তির কষ্টিপাথরে যাচাই করে সত্যকে একদম স্বর্ণশিখরে নিয়ে যাওয়ার এক পবিত্র চেষ্টা। যেখানে চার্বাকের নাস্তিকতাকেও পরম যত্নে দর্শনের মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে পুরুষতন্ত্রের চরম দর্পের মুখে দাঁড়িয়ে বিদুষী গার্গী রাজসভায় প্রধান ঋষিকে চ্যালেঞ্জ করতে পেরেছেন, এবং যেখানে মহাপণ্ডিতের সন্ন্যাস গ্রহণের মতো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের চূড়ান্ত রায় দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল একজন বিদুষী নারীকে। এই পরম বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং নারীর মেধার সর্বোচ্চ স্বীকৃতিই প্রমাণ করে যে, প্রকৃত ধর্ম বা দর্শন মানুষকে অন্ধ অনুসারী নয়, বরং মুক্তচিন্তার এক একজন ‘জিজ্ঞাসু’ বা সত্যের নির্ভীক অন্বেষণকারী হতে শেখায়।


- Run With Veda🌾

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ